Home » Blog » ভাঙা স্কুলে ঝুঁকিতে পড়ুয়া, ক্ষোভে ফুঁসছে অভিভাবক

ভাঙা স্কুলে ঝুঁকিতে পড়ুয়া, ক্ষোভে ফুঁসছে অভিভাবক

by Planet Tripura
0 comments 20 views

স্কুলে ভাঙন, জীবনের ঝুঁকিতে পড়ুয়ারা, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৬ মে : দুই বছর পেরিয়ে গেলেও ভাঙা স্কুলের সংস্কারে কোনো উদ্যোগ নেই। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই ক্লাস করতে আসছে ছোট ছোট ছাত্রছাত্রীরা। প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি বিলোনীয়া মহকুমার ভারতচন্দ্র ব্লকের অন্তর্গত শীলছড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়কে কেন্দ্র করে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি প্রাথমিক স্তর দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হয়েছে। তবে বর্তমানে স্কুলে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র পাঁচজনের মতো হওয়ায় নিয়মিত সব ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে ছাত্রছাত্রীর সংখ্যাও কমে প্রায় ৮০-৮৫ জনে দাঁড়িয়েছে।

শুধু শিক্ষক সংকটই নয়, স্কুলের পরিকাঠামোগত অবস্থাও অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। ২০২৪ সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার ফলে বিদ্যালয়ের প্রবেশদ্বার ও ক্লাসরুম সংলগ্ন মাঠের একটি বড় অংশ ভেঙে যায়। সেই ভাঙন আজও মেরামত হয়নি। অভিযোগ, খেলাধুলার সময় একাধিকবার ছাত্রছাত্রীরা ওই ভাঙা জায়গায় পড়ে গিয়ে আহত হয়েছে।

তবুও প্রতিদিন ঝুঁকি নিয়েই তাদের স্কুলে আসতে হচ্ছে।স্থানীয়দের দাবি, বারবার বিদ্যালয় মনিটরিং কমিটি, ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ আরও, প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে এসে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেই দায়িত্ব শেষ করছেন, কিন্তু বাস্তবিক মেরামতির কাজ শুরু হয়নি।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্রমশ মৃত্যুফাঁদে পরিণত হলেও প্রশাসনের এমন নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয় মহল থেকে।

You may also like

Leave a Comment