শান্তিরবাজার, প্রতিনিধি : শান্তিরবাজার মহকুমার মনু জমাতিয়া পাড়া থেকে সর্দারাই রিয়াং পাড়া পর্যন্ত সংযোগকারী সড়কের দীর্ঘদিনের বেহাল দশা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি বর্তমানে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যার জেরে এলাকার প্রায় ৫২টি পরিবার নিত্যদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, পূর্বতন বামফ্রন্ট সরকারের আমল থেকে শুরু করে বর্তমান বিজেপি-তিপ্রা মথা জোট সরকারের সময়েও সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাস্তার বিভিন্ন অংশ কাদা ও জলে ডুবে থাকায় যাতায়াত কার্যত দুঃসাধ্য হয়ে পড়ে।
সবচেয়ে আশঙ্কার বিষয়, সড়কের উপর নির্মিত একটি কাঠের কালভার্ট বর্তমানে ভেঙে পড়ার মুখে দাঁড়িয়ে আছে । এলাকাবাসীর দাবি, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেহেতু এই সড়কটিই গ্রামবাসীদের একমাত্র যোগাযোগের পথ, তাই প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, কৃষক, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ ব্যক্তিদের জীবনের ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করতে হচ্ছে।
সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, ২২ নং কাঠালিয়া-রাজাপুর-মির্জা কেন্দ্রের নির্বাচিত এমডিসি ডেবিট মুড়াসিং নির্বাচনের প্রাক্কালে সড়ক সংস্কারের আশ্বাস দিলেও ভোট মিটে যাওয়ার পর তাঁকে আর এলাকায় দেখা যায়নি। জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা।
এক গ্রামবাসী বলেন, ভোটের সময় যত প্রতিশ্রুতি দেওয়া হয়, ভোট মিটে গেলে সাধারণ মানুষের কষ্টের কথা আর কেউ মনে রাখে না। বছরের পর বছর একই সমস্যা নিয়ে বসবাস করতে হচ্ছে, কিন্তু সমাধানের কোনো লক্ষণ নেই।
এলাকাবাসীর আরও অভিযোগ, বিজেপি-তিপ্রা মথা জোট সরকারের শাসনকালেও এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে জনমনে অসন্তোষ ক্রমশ বাড়ছে।
বর্তমানে মনু জমাতিয়া পাড়া ও সর্দারাই রিয়াং পাড়ার বাসিন্দাদের একটাই দাবি— অবিলম্বে ভেঙে পড়া কালভার্ট মেরামত করে সম্পূর্ণ সড়কটি সংস্কার করা হোক। প্রশাসন এ ব্যাপারে উদাসীন থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।