Home » Blog » উদয়পুরে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন, নিশানায় মোদী সরকার

উদয়পুরে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন, নিশানায় মোদী সরকার

নিট কেলেঙ্কারি ও দুর্নীতি নিয়ে উদয়পুরে সরব কংগ্রেস

by Planet Tripura
0 comments 37 views

মূল্যবৃদ্ধি, ‘নিট’ কেলেঙ্কারি ও দুর্নীতি নিয়ে উদয়পুরে সরব কংগ্রেস, রাজ্যব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

উদয়পুর, ২২ জুন: দেশে লাগাতার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, নিট (NEET) প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং মোদী সরকারের আর্থিক নীতির ব্যর্থতার প্রতিবাদে গর্জে উঠল গোমতী জেলা কংগ্রেস। সোমবার উদয়পুরে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে মোদী সরকারের তীব্র সমালোচনা করেন জেলা নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রের ভুল নীতি ও দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে।



এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। তিনি সরাসরি সুর চড়িয়ে বলেন,

“মোদী সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। এর ফলে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলির পক্ষে দু-বেলা দু-মুঠো অন্নসংস্থান করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন, অথচ সরকার নির্বিকার।”

সাম্প্রতিক ‘নিট’ (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ও মোদী সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেস সভাপতি। তিনি অভিযোগ করেন, এই কেলেঙ্কারির মাধ্যমে দেশের লক্ষ লক্ষ সৎ ও পরিশ্রমী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, এত বড় একটি অপরাধের পরও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই ঘটনা দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার উপর থেকে সাধারণ মানুষের আস্থা পুরোপুরি নষ্ট করে দিয়েছে।

টিটন পাল আরও দাবি করেন যে, মোদী সরকারের একের পর এক দুর্নীতির খতিয়ান সামনে এলেও কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ভুল অর্থনৈতিক সিদ্ধান্তের কারণেই দেশজুড়ে বেকারত্ব ঐতিহাসিক রূপ নিয়েছে। একদিকে কাজ নেই, অন্যদিকে লাগামহীন মূল্যবৃদ্ধি ও দুর্নীতি— এই তিন যন্ত্রণায় জর্জরিত দেশের আমজনতা।

সাংবাদিক সম্মেলনের শেষলগ্নে কংগ্রেস নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার যদি অবিলম্বে এই গণবিরোধী নীতি পরিবর্তন না করে এবং মূল্যবৃদ্ধি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে এই সমস্ত জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোকে সামনে রেখে সমগ্র ত্রিপুরা রাজ্যজুড়ে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস দল।

Sabita Medical Hall- Shantir Bazaar

You may also like

Leave a Comment