থানার ঢিল ছোড়া দূরত্বে দুই দোকানে দুঃসাহসিক চুরি,
আতঙ্কে বিলোনিয়ার ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া : বিলোনিয়া থানার অদূরেই পাশাপাশি দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি সেলাইয়ের দোকান এবং একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে এই চুরির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে হোমিওপ্যাথি ওষুধের দোকানের মালিক সঞ্জয় চক্রবর্তী দোকান খুলতে এসে পাশের সেলাই দোকানের দরজা খোলা এবং মেঝেতে ভাঙা তালা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে তিনি সেলাই দোকানের মালিক সুলেখা দেবকে খবর দেন।
খবর পেয়ে সুলেখা দেব দোকানে এসে দেখেন, দোকানের মাঝখানের পার্টিশনের টিনের বেড়া কেটে চোরেরা পাশের হোমিওপ্যাথি দোকানে প্রবেশ করেছে। পরে সঞ্জয় চক্রবর্তী নিজের দোকান খুলে দেখেন, দোকানের অন্যান্য জিনিসপত্র অক্ষত থাকলেও ক্যাশবাক্সের জায়গা তছনছ করা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুটি দোকান থেকেই কিছু নগদ অর্থ চুরি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভাঙার কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। ইতিমধ্যে একটি চুরির মামলা রুজু করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
থানার এত কাছেই পরপর চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিলোনিয়া ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি মানিক পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, “থানার কাছেই যদি দোকান নিরাপদ না থাকে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় যাবে?” তিনি অবিলম্বে রাতের বেলা শহরে পুলিশের টহল বাড়ানোর দাবি জানান।
পরপর চুরির ঘটনায় রাতের বিলোনিয়া শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।
