Home » Blog » বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, নিরাপত্তাহীনতায় ক্ষোভ

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, নিরাপত্তাহীনতায় ক্ষোভ

by Planet Tripura
0 comments 10 views

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, নিরাপত্তাহীনতার অভিযোগে ক্ষোভ

PTN NEWS TRIPURA

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৩০ এপ্রিল : বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে জোলাইবাড়ী এলাকার ঠাকুরছড়া বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখীর প্রবল ঝড়ে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরবর্তীতে বিদ্যুৎ পরিষেবার কাজ শুরু হলে, অভিযোগ ওঠে যে সংশ্লিষ্ট শ্রমিকরা কোনো রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই মেরামতির কাজে নিযুক্ত ছিলেন। এমনই পরিস্থিতিতে কাজ করার সময় গর্বর সিং দেবর্বমা (৩১) নামে এক শ্রমিক বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাঁকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন।

তবে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। অভিযোগ, যথাযথভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই এবং কোনো প্রকার সুরক্ষা কিট ছাড়াই শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে, যার ফলেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

গর্বর সিং দেবর্বমার অকাল মৃত্যুতে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এখন প্রশ্ন উঠছে, মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে বিদ্যুৎ দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

You may also like

Leave a Comment