আগরতলা, ১৬ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC)-এর ভোটগ্রহণ শেষ হয়েছে গত ১২ এপ্রিল। আগামীকাল, শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে ভোটগণনা। এই গণনাকে ঘিরে প্রশাসনের তৎপরতা এখন তুঙ্গে।
গণনার আগের দিন বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক ডঃ বিশাল কুমার মোহনপুর ও জিরানিয়া মহকুমার একাধিক গণনা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি জানান, গণনাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ত্রিস্তরীয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, গণনা কেন্দ্রের বাইরের স্তরে থাকবে ত্রিপুরা পুলিশ, মাঝের স্তরে টিএসআর জওয়ান এবং কাউন্টিং হলের ভেতরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি প্রতিটি গণনা হলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, যাতে পুরো প্রক্রিয়া নজরদারির আওতায় থাকে।
এছাড়াও, গণনা কেন্দ্র সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে বিএনএস-এর ১৬২ ধারা। এর ফলে অপ্রয়োজনীয় জমায়েত ও বিশৃঙ্খলা এড়াতে কড়া বিধিনিষেধ বলবৎ থাকবে। কাউন্টিং এজেন্টদের নাম আগেই প্রশাসনের কাছে জমা পড়েছে এবং রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক করে সহযোগিতার আশ্বাস নেওয়া হয়েছে।
জেলাশাসক আরও জানান, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই প্রস্তুতির মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে ভোটগ্রহণের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া হিংসার ঘটনা। একাধিক জায়গায় সংঘর্ষ ও অশান্তির খবর সামনে এসেছে। এমনকি ইভিএম বহনকারী বাস আটকে দেওয়ার অভিযোগও উঠেছে, যা রাজনৈতিক উত্তেজনার তীব্রতা স্পষ্ট করে।
এই প্রেক্ষাপটে গণনার দিনকে ঘিরে প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নির্বিঘ্ন গণনা সম্পন্ন করা। এখন নজর আগামীকালের দিকে—কড়া নিরাপত্তার মধ্যেও কতটা শান্তিপূর্ণভাবে ভোটগণনা সম্পন্ন হয়, সেটাই দেখার।
