শিরোনাম:
রাজ্যপালের উপস্থিতিতে শান্তিরবাজারে জেলাভিত্তিক ‘উদ্যম সমাগম’— ক্ষুদ্র উদ্যোগ ও স্বনির্ভরতার উপর জোর
দক্ষিণ ত্রিপুরা, শান্তিরবাজার:
Tripura Industrial Development Corporation Limited (টিআইডিসিএল)-এর উদ্যোগে শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো জেলাভিত্তিক ‘উদ্যম সমাগম’ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Indrasena Reddy Nallu।
অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নিজের বক্তব্যে রাজ্যপাল জানান, ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। এই ‘উদ্যম সমাগম’-এর মাধ্যমে সেই সমস্ত প্রকল্প ও পরিষেবার বিস্তারিত তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়েও এদিন আলোচনা করা হয়।
আলোচনা চলাকালীন উপস্থিত কয়েকজন জানান, জেলার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য খেলার সামগ্রীর অভাব রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রাজ্যপাল দক্ষিণ জেলার সভাধিপতিকে দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি কিছু স্কুলে রাজ্য সরকারের প্রকল্প অনুযায়ী ছাত্রীদের সাইকেল না পাওয়ার অভিযোগও উঠে আসে। এই বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
রাজ্যপাল আরও জানান, সরকারের পক্ষ থেকে সকলের জন্য ব্যাঙ্ক-সংযুক্ত স্বাস্থ্য বিমা পরিষেবা চালু রয়েছে। সাধারণ মানুষকে এই বিমার আওতায় আসার আহ্বান জানান তিনি। গর্ভবতী মহিলাদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা সম্পর্কেও সচেতনতা বাড়ানোর উপর জোর দেন।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ছেলে-মেয়েদের নবোদয় বিদ্যালয় ও মিলিটারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ গ্রহণ করা উচিত। এতে তাদের ভবিষ্যৎ আরও সুদৃঢ় হবে।
এছাড়াও স্বনির্ভরতার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেকেই বাড়িতে কুকুর পালন করেন, তবে তার পরিবর্তে শূকর পালন করলে কয়েক মাসের মধ্যেই একটি শূকর থেকে প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এই ধরনের বিকল্প উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে স্থাপিত স্টলগুলির শুভ উদ্বোধন করেন রাজ্যপাল। উদ্বোধন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আজকের কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানান।
