Home » Blog » টেন্ডার বিবাদে হামলা, অভিযুক্ত বিজেপি নেতারা

টেন্ডার বিবাদে হামলা, অভিযুক্ত বিজেপি নেতারা

by Planet Tripura
0 comments 7 views

টেন্ডার বিবাদকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জে ঠিকাদারের বাড়িতে হামলা, আহত ২

বিশ্রামগঞ্জ, ৩০.১০.২০২৫ইং : বিশ্রামগঞ্জের ছেচুড়ি মাই গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজের টেন্ডার নিয়ে বিবাদের জেরে এক ঠিকাদারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতের এই ঘটনায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্ত ঠিকাদারের অভিযোগের তির স্থানীয় তিন বিজেপি নেতার দিকে।

ঘটনার বিবরণে জানা যায়, চ্যাটার্জি কলোনি এলাকার বাসিন্দা ওই ঠিকাদার সম্প্রতি অনলাইনে একটি রাস্তার কাজের টেন্ডার পান। তাঁর অভিযোগ, টেন্ডার পাওয়ার পর থেকেই স্থানীয় বিজেপি নেতা হিসেবে পরিচিত আনোয়ার, অমল এবং সুকান্ত তাঁর উপর চাপ সৃষ্টি করছিলেন।


বুধবার রাতে অভিযুক্তরা দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ঠিকাদারকে বাড়িতে না পেয়ে হামলাকারীরা তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করে এবং তাঁর দুই ভাগিনার উপর আক্রমণ করে। আক্রমণে তাঁরা গুরুতর আহত হন এবং বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। চরিলাম বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ওই ঠিকাদার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You may also like

Leave a Comment