আগরতলা, ৪ সেপ্টেম্বর: শুভ জন্মাষ্টমীর পুণ্য তিথিকে সামনে রেখে আগরতলার জগহরিমুড়াস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়িতে নতুন কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের সরকারি উন্নয়ন তহবিল থেকে কমিউনিটি হল নির্মাণের জন্য অর্থরাশি প্রদান করা হয়েছে। নতুন এই হল নির্মিত হলে মন্দির প্রাঙ্গণে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আরও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়েছে। জন্মাষ্টমীর পুণ্য তিথিতে নির্মাণকাজের সূচনা হওয়ায় ভক্ত-অনুরাগীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ভক্ত-অনুরাগী এবং মন্দির কমিটির সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মন্দির কর্তৃপক্ষের আশা, নির্মাণের পর নতুন কমিউনিটি হলটি এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।