কাউন্সিলরের বাড়ির রাস্তা ঠিক, সাধারণ মানুষের রাস্তা বেহাল! চন্দ্রপুর মধ্যপাড়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা।
নিজস্ব প্রতিনিধি, আগরতলা:
রাজধানী সংলগ্ন চন্দ্রপুর মধ্যপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও জল নিকাশির সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত পাঁচ বছরেও এলাকার রাস্তা সংস্কারে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, সামান্য এক ঘণ্টার বৃষ্টিতেই হাঁটুসমান জল জমে যায় রাস্তায়। ফলে যাতায়াত কার্যত অচল হয়ে পড়ে। স্কুলপড়ুয়া, বৃদ্ধ, কর্মজীবী মানুষসহ সকলকেই প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, “কাউন্সিলরের বাড়ির রাস্তা ঠিক হবে, কিন্তু সাধারণ ভোটারদের রাস্তার দিকে কেউ তাকাবে না। নির্বাচনের সময় সবাই হাতজোড় করে ভোট চাইতে আসেন, কিন্তু ভোট শেষ হলেই আর কোনও খোঁজ থাকে না।” স্থানীয়দের আরও দাবি, বেহাল রাস্তা ও জলাবদ্ধতার কারণে জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কার এবং স্থায়ী জলনিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী।