১৩ অক্টোবর: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি ব্লকের অন্তর্গত কলশী এডিসি ভিলেজের সৎসঙ্গ পাড়ায় বিজেপি ছেড়ে তিপ্রা মথা পার্টিতে যোগদানের ঘটনা সামনে এসেছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪০ জন ভোটার-সহ বিজেপির একাধিক নেতৃত্ব তিপ্রা মথায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে বিজেপির মহিলা মোর্চার কনভেনর এবং তিনজন পৃষ্ঠাপ্রমুখ রয়েছেন বলে দাবি করা হয়েছে।
সৎসঙ্গ পাড়ায় আয়োজিত এক যোগদান সভায় বিজেপির বর্তমান কার্যকলাপের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিপ্রা মথায় যোগ দেন তাঁরা। তিপ্রা মথা দলের প্রতি আস্থা প্রকাশ করে নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার কথা জানান যোগদানকারীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসি মনু জোনাল চেয়ারম্যান নারায়ণ রিয়াং, যুবনেতা গৌরব মগ চৌধুরী-সহ তিপ্রা মথা দলের অন্যান্য কর্মকর্তারা। তাঁদের উপস্থিতিতে নবাগতদের দলে স্বাগত জানানো হয়।
যোগদানকারীদের মধ্যে বিজেপির ১৮ নম্বর বুথের এক পৃষ্ঠাপ্রমুখ জানান, দীর্ঘদিন ধরে তিনি বিজেপির হয়ে কাজ করেছেন। তবে বর্তমানে দলের কার্যকলাপে তিনি সন্তুষ্ট নন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, বিজেপিতে কর্মীদের যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। সেই কারণেই নিজের ইচ্ছায় বিজেপি ছেড়ে তিপ্রা মথায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই যোগদানকে কেন্দ্র করে কলশী এডিসি ভিলেজের সৎসঙ্গ পাড়ায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এই দলবদল এলাকার দুই দলের সাংগঠনিক অবস্থানে কতটা প্রভাব ফেলবে, তা আগামী দিনে স্পষ্ট হবে।