১৩ অক্টোবর: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত বীরচন্দ্র নগর এডিসি ভিলেজে ভিলেজ কাউন্সিল গঠনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ সামনে এল। বিজেপিকে বাইরে রেখে সিপিআইএমের সমর্থনে কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিপ্রা মথা। এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
সাম্প্রতিক ভিলেজ কমিটি নির্বাচনে বীরচন্দ্র নগরের মোট পাঁচটি আসনের মধ্যে তিনটিতে জয়লাভ করে তিপ্রা মথা। অন্যদিকে, দুটি আসন পায় সিপিআইএম। নির্বাচনের পর দুই দলের নির্বাচিত সদস্যরা যৌথভাবে কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেন। মঙ্গলবার বগাফা ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক মনোজ পালের কাছে লিখিত সমর্থনপত্র জমা দেন তাঁরা। সিপিআইএমের পক্ষ থেকে তিপ্রা মথাকে নিঃশর্ত সমর্থন জানানো হয়েছে বলে জানা গেছে।
এদিন তিপ্রা মথার পক্ষে উপস্থিত ছিলেন হরেন্দ্র রিয়াং, রঞ্জিত রিয়াং, বনমালী দেববর্মা-সহ দলের অন্যান্য নেতা ও নির্বাচিত প্রতিনিধিরা। সিপিআইএমের পক্ষে উপস্থিত ছিলেন অজিত বর্মন, শংকর দেবনাথ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রার্থী কিরণ রিয়াং ও রেখা ভৌমিক।
পাঁচটি আসনই তিপ্রা মথা ও সিপিআইএমের দখলে থাকায় এই যৌথ উদ্যোগ স্থানীয় রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ করে বিজেপিকে কাউন্সিল গঠনের প্রক্রিয়ার বাইরে রাখার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এই সিদ্ধান্তের পর বিজেপির একাংশ কর্মী-সমর্থকের মধ্যে হতাশা দেখা দিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে বিজেপির সংশ্লিষ্ট নেতৃত্বের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী দিনে এই রাজনৈতিক সমঝোতা ভিলেজ কাউন্সিলের প্রশাসনিক কাজকর্ম ও স্থানীয় রাজনৈতিক সম্পর্কের উপর কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে।