Home » Blog » আগরতলা পুর নিগমের ২৮ নম্বর

আগরতলা পুর নিগমের ২৮ নম্বর

নাগরিক পরিষেবা আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে যোগেন্দ্রনগরে নির্মিত হবে RCC G+1 ওয়ার্ড কার্যালয়

by Mithun Bhowmik
0 comments 2 views
AGARTALA-WARD-28-NEW-OFFICE-FOUNDATION

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডে নতুন ওয়ার্ড কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার যোগেন্দ্রনগরে প্রস্তাবিত কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপা মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কাউন্সিলর নন্দদুলাল দেবনাথ-সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপা মজুমদার বলেন, আগরতলা পুর নিগমের নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ভবনটি RCC G+1 কাঠামোর হবে।

মেয়র জানান, ২০২১ থেকে ২০২৬—এই পাঁচ বছরে আগরতলা শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। নিকাশি ব্যবস্থা উন্নত করতে ২৩টি সিসি নর্দমা, ২১টি ড্রেন এবং ৮টি RCC ড্রেন নির্মাণ করা হয়েছে। প্রায় ৭১ লক্ষ টাকা ব্যয়ে RCC ড্রেন উইথ ফুটপাত নির্মাণের কাজও চলছে।

এছাড়া বিভিন্ন এলাকায় ৬টি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়েছে। পানীয় জলের পরিষেবা সম্প্রসারণে ১৫টি মিনি ডিপ টিউবওয়েল এবং ৮টি মিনি ডিপ টিউবওয়েল পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিক পরিকাঠামোর পাশাপাশি আবাসন, বাজার ও সামাজিক পরিকাঠামো উন্নয়নেও বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়। PMAY 1.0 ও PMAY 2.0-এর মাধ্যমে নিরাপদ আবাসনের সুযোগ, প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে মনকুমারী টাউন হলের আধুনিকীকরণ এবং প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে শিশু উদ্যানের উন্নয়নের কথা জানানো হয়।

এছাড়া মনকুমারী বাজার প্রায় ২৫ লক্ষ টাকা এবং বৃদ্ধাশ্রম বাজার ১৫ লক্ষ টাকা ব্যয়ে আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপাড়ায় খাওড়া নদীর পাড়ে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে নদীর ঘাট নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা জানান, নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ২৮ নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। উন্নত রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, আধুনিক বাজার ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাই আগামী দিনের অন্যতম লক্ষ্য।

You may also like

Leave a Comment