Home » Blog » শান্তিরবাজারে তিপ্রা মথার দাপট

শান্তিরবাজারে তিপ্রা মথার দাপট

বকাফার ১৪ ভিলেজে ৯১ আসন ও জোলাইবাড়ির ১০ ভিলেজে ৫৬ আসন পেল তিপ্রা মথা

by Mithun Bhowmik
0 comments 2 views

শান্তিরবাজার, ৬ অক্টোবর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে শান্তিরবাজার মহকুমায় উল্লেখযোগ্য সাফল্য পেল তিপ্রা মথা। বকাফা ও জোলাইবাড়ি আর ডি ব্লকের অধিকাংশ ভিলেজে তিপ্রা মথার প্রার্থীরা জয়লাভ করেছেন।

বকাফা আর ডি ব্লকের ১৪টি ভিলেজে গণনা শেষে ১৩টি ভিলেজে তিপ্রা মথা জয় পেয়েছে। বীরচন্দ্রনগর ভিলেজে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সেখানে বিজেপি ৪টি, তিপ্রা মথা ৩টি এবং সিপিআই(এম) ২টি আসনে জয়লাভ করেছে।

বকাফা ব্লকের মোট ১১৬টি আসনের মধ্যে তিপ্রা মথা ৯১টি, বিজেপি ২১টি, সিপিআই(এম) ৩টি এবং নির্দল প্রার্থীরা ১টি আসনে জয়ী হয়েছেন। বীরচন্দ্রনগর ভিলেজে সিপিআই(এম)-এর কিরণ রিয়াং ও রেখা ভৌমিক চৌধুরী এবং রাজাপুর ভিলেজে শিবানী পাল জয়লাভ করেছেন।

অন্যদিকে, জোলাইবাড়ি আর ডি ব্লকের ১০টি ভিলেজের মধ্যে ৮টিতে তিপ্রা মথা এবং ২টিতে বিজেপি জয় পেয়েছে। এই ব্লকের মোট ৮২টি আসনের মধ্যে তিপ্রা মথা ৫৬টি, বিজেপি ২৩টি, আইপিএফটি ১টি এবং নির্দল প্রার্থীরা ২টি আসনে জয়লাভ করেছেন।

জোলাইবাড়িতে সাঁচিরামবাড়ি এলাকার শহিদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংরেজি মাধ্যম হাই স্কুলে ভোট গণনা অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া গণনা ৮টি টেবিলে মোট চার রাউন্ডে সম্পন্ন হয়।

ভোট গণনাকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দক্ষিণ জেলায় বিএনএস-এর ১৬৩ ধারা অনুযায়ী কারফিউ জারি ছিল। প্রশাসনের পক্ষ থেকে গণনাকেন্দ্রগুলিতে নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জোলাইবাড়ি আর ডি ব্লকের বিডিও নবব্রত দত্ত নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ফলাফল প্রকাশের পর তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। দলের পক্ষ থেকে বিজয় উদযাপনের পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বকাফা ও জোলাইবাড়ির ফলাফলকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার ভিলেজ স্তরের রাজনীতিতে ভবিষ্যৎ সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

You may also like

Leave a Comment