সোনামুড়া থানার অন্তর্গত শ্রীমন্তপুর, তারাপুকুর ও ইউএনসি নগর সীমান্ত সড়কে পুলিশের টহল চলাকালীন দাবিহীন অবস্থায় বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। টহলের সময় পুলিশ মোট ৭০টি এস কফ সিরাপ এবং ১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সমস্ত নেশাজাতীয় সামগ্রী আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দাবিহীন হিসেবে জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানা গেছে।
তবে এই নেশাজাতীয় সামগ্রীগুলি কারা সেখানে রেখে গিয়েছিল এবং এর সঙ্গে কোনো পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সীমান্ত সংলগ্ন এলাকায় নেশাজাতীয় সামগ্রী পাচার রুখতে পুলিশের নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।