নতুনবাজার থানাধীন রামভদ্র এলাকায় গুলিবিদ্ধ হয়েছে ১২ বছরের এক সপ্তম শ্রেণির ছাত্র। আহত ছাত্রের নাম মারহেন রিয়াং। বর্তমানে সে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, কোনো এক সময় মারহেন গুলিবিদ্ধ হয়। তার শরীরের পেছনের অংশে গুলি লাগে এবং গুলিটি শরীর ভেদ করে সামনের পেটের অংশ দিয়ে বেরিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে ঠিক কীভাবে এবং কোন পরিস্থিতিতে সপ্তম শ্রেণির ওই ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। ফলে ঘটনাটি ঘিরে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রামভদ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে, গুলিবিদ্ধ হওয়ার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।