পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। বিদ্যাসাগরের শিক্ষা, সমাজ সংস্কার, নারীশিক্ষার প্রসার এবং মানবকল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশ শতকের অন্যতম বিশিষ্ট সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ। শিক্ষার প্রসার, নারীশিক্ষা এবং বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে তাঁর ভূমিকা ভারতীয় সমাজ সংস্কারের ইতিহাসে গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ ও চিন্তাধারা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠান ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।