Home » Blog » ত্রিপুরার নাম এনআইএ-র জঙ্গি চার্জশিটে

ত্রিপুরার নাম এনআইএ-র জঙ্গি চার্জশিটে

ত্রিপুরাসহ তিন রাজ্যে জঙ্গি নেটওয়ার্কের অভিযোগ, ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

by Planet Tripura
0 comments 68 views

জেএমবি-র ছায়া উত্তর-পূর্বে, ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট, উদ্বেগে ত্রিপুরা

 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র একটি শাখা সংগঠনের ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গুয়াহাটির বিশেষ এনআইএ আদালতে দাখিল হওয়া এই চার্জশিটে উঠে এসেছে, ‘ইমাম মাহমুদের কাফিলা’ (আইএমকে) নামে পরিচিত একটি সংগঠনের মাধ্যমে অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনার অভিযোগ।

এনআইএ-র দাবি, অভিযুক্তরা উগ্রপন্থী মতাদর্শ প্রচার, নতুন সদস্য সংগ্রহ, গোপন বৈঠক, ডিজিটাল প্ল্যাটফর্মে ভারতবিরোধী প্রচার এবং তরুণদের উগ্রপন্থার দিকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে আসছিল। বিশেষভাবে উদ্বেগের বিষয়, তদন্তে ত্রিপুরার নামও উঠে এসেছে। চার্জশিটে জগীর মিয়াকে ত্রিপুরায় সংগঠনের নেতৃত্বদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও আদালতে বিচারাধীন বিষয় হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা বিচার প্রক্রিয়াতেই নির্ধারিত হবে, তবুও তদন্তে উঠে আসা তথ্য রাজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।

ত্রিপুরা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সীমান্তঘেঁষা একটি সংবেদনশীল রাজ্য। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত, সীমান্তবর্তী দুর্গম এলাকা এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উগ্রপন্থী সংগঠনগুলি অতীতেও নেটওয়ার্ক তৈরির চেষ্টা করেছে। গত কয়েক বছরে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলেও, সাম্প্রতিক এই তদন্ত দেখিয়ে দিল যে নিরাপত্তা নিয়ে আত্মতুষ্টির কোনও সুযোগ নেই।জঙ্গিবাদ কখনও হঠাৎ করে মাথাচাড়া দিয়ে ওঠে না।

এর আগে দীর্ঘ সময় ধরে চলে মতাদর্শ প্রচার, অর্থ সংগ্রহ, সদস্য নিয়োগ এবং গোপনে সংগঠন বিস্তারের কাজ।বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও এনক্রিপ্টেড ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণদের বিভ্রান্ত করার প্রবণতা বেড়েছে। তাই শুধুমাত্র অস্ত্র উদ্ধার বা গ্রেপ্তার অভিযান নয়, উগ্রপন্থী মতাদর্শের বিস্তার রোধ করাও সমান গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র পাশাপাশি ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর), রাজ্য গোয়েন্দা শাখা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার মধ্যে আরও সমন্বিত ও ধারাবাহিক তৎপরতা অত্যন্ত জরুরি।

সীমান্তবর্তী এলাকায় নিয়মিত নজরদারি, সন্দেহজনক গতিবিধির উপর গোয়েন্দা নজর, আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা এবং স্থানীয় মানুষের সঙ্গে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও জোরদার করা সময়ের দাবি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, জাল নথি কিংবা উগ্রপন্থী যোগাযোগের সম্ভাবনা রুখতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

সীমান্তবর্তী গ্রামগুলিতে সচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত তথ্য দেওয়ার পরিবেশ তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহলেও এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। নিরাপত্তা ইস্যুকে কোনওভাবেই রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার না বানিয়ে, জঙ্গিবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে সর্বদলীয় ঐক্যবদ্ধ অবস্থান থাকা উচিত। কোনও ব্যক্তি বা গোষ্ঠী যদি রাজনৈতিক প্রভাব বা আশ্রয় ব্যবহার করে বেআইনি বা উগ্রপন্থী কার্যকলাপে যুক্ত থাকে, তবে আইনের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে রাজনৈতিক মদতের অভিযোগ করা সমীচীন নয়, তবে তদন্তে যদি এমন কোনও যোগসূত্র উঠে আসে, তবে তারও কঠোর আইনি মোকাবিলা হওয়া প্রয়োজন। ত্রিপুরা গত এক দশকে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। শিল্প, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে, তা কোনওভাবেই অশান্তির আগুনে নষ্ট হতে দেওয়া যায় না। শান্তিপূর্ণ সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করার যে কোনও অপচেষ্টা কঠোর হাতে দমন করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

এনআইএ-র এই তদন্ত দেখিয়ে দিয়েছে যে জঙ্গি সংগঠনগুলি এখনও বিভিন্ন উপায়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থার আরও সক্রিয় ভূমিকা, আন্তঃরাজ্য গোয়েন্দা তথ্যের দ্রুত আদান-প্রদান এবং প্রযুক্তিনির্ভর তদন্ত ভবিষ্যতেও সমানভাবে গুরুত্বপূর্ণ থাকবে। পাশাপাশি বিচারব্যবস্থার দ্রুত ও কঠোর অবস্থানও অপরিহার্য। জঙ্গিবাদ সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তি, দোষীদের আইনের সর্বোচ্চ শাস্তি এবং নির্দোষদের ন্যায়বিচার, এই তিনটি বিষয় সমান গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।

এতে একদিকে যেমন আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে, অন্যদিকে উগ্রপন্থী সংগঠনগুলির কাছেও কঠোর বার্তা পৌঁছাবে যে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রই বরদাস্ত করা হবে না।সবশেষে, নিরাপদ ত্রিপুরা গড়ে তোলা কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, বিচারব্যবস্থা এবং সাধারণ নাগরিক, সকলের সম্মিলিত সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই শান্তিপূর্ণ ত্রিপুরাকে অশান্ত করার যে কোনও অপচেষ্টা সফল হওয়ার আগেই প্রতিহত করা সম্ভব।

You may also like

Leave a Comment