শান্তির বাজারের বীরচন্দ্র মনুতে আইসক্রিমে পোকা ও ছত্রাকের অভিযোগ, ‘আপন আইসক্রিম’ ফ্যাক্টরিকে ঘিরে চাঞ্চল্য।
শান্তির বাজার, নিজস্ব প্রতিনিধি, মিঠুন ভৌমিক :
দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায় অবস্থিত ‘আপন আইসক্রিম’ ফ্যাক্টরির তৈরি আইসক্রিমে পোকা ও ছত্রাক পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বীরচন্দ্র মনু বাজারে এক বিক্রেতার কাছ থেকে কয়েকজন ক্রেতা আইসক্রিম কিনে খোলার পর তাতে পোকা এবং ছত্রাকের মতো পদার্থ দেখতে পান। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, এই ফ্যাক্টরির বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট প্রশাসন ও খাদ্য দপ্তরের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন বহু স্কুলপড়ুয়া ও সাধারণ মানুষ এই আইসক্রিম খেয়ে থাকেন। ফলে নিম্নমানের বা দূষিত খাদ্য বাজারজাত হলে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। রবিবার সংবাদমাধ্যম ফ্যাক্টরিতে গেলে সেখানে উপস্থিত এক শ্রমিক জানান, কয়েকদিন বিদ্যুৎ না থাকায় সংরক্ষিত আইসক্রিম নষ্ট হয়ে থাকতে পারে। তাঁর দাবি, কয়েকদিন ধরে নতুন করে আইসক্রিম উৎপাদন হয়নি এবং পুরনো আইসক্রিমই বাজারে বিক্রি করা হচ্ছিল। আইসক্রিমে পোকা পাওয়ার বিষয়টি মালিকপক্ষও অবগত বলে তিনি জানান।
এলাকাবাসীর অভিযোগ, শান্তির বাজার মহকুমায় গড়ে ওঠা বিভিন্ন আইসক্রিম কারখানায় খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নিয়মিত প্রশাসনিক অভিযান প্রয়োজন। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।