মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাগরিক। আহত হয়েছেন অন্তত ৬৩ জন। ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস। ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক্স-এ একটি পোস্ট করেছে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং আহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এদিকে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের সরকারি মুখপাত্র ডক্টর আবদুল্লাহ আল-সানাদ জানিয়েছেন, হামলার ঘটনায় এ পর্যন্ত ৬৩ জন আহত ব্যক্তিকে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪ জন, জাবের হাসপাতালে ১৭ জন, জাহরা হাসপাতালে ৫ জন, আল-আদান হাসপাতালে ৩ জন, আল-আমিরি হাসপাতালে ২ জন এবং আল-সাবাহ ও মুবারক আল-কবীর হাসপাতালে একজন করে আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
ডক্টর আল-সানাদ আরও জানান, আহতদের মধ্যে সাতজনের জরুরি বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়াও কয়েকজনের ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গুরুতর আহতদের ওপর চিকিৎসক দল সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।
কুয়েত বিমানবন্দরে এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতীয় দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।