Home » Blog » শান্তিরবাজার কলেজে ABVP-র বিক্ষোভ

শান্তিরবাজার কলেজে ABVP-র বিক্ষোভ

Santirbazar College ABVP Protest:

by Planet Tripura
0 comments 70 views

শান্তিরবাজার কলেজে ABVP-র বিক্ষোভ, ফলাফল ও ব্যাক পেপার ইস্যুতে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার : পরীক্ষার ফলাফল প্রকাশে গাফিলতি, ব্যাক পেপার সংক্রান্ত বিভ্রান্তি এবং ফর্ম ফিল-আপ সমস্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শান্তিরবাজার কলেজ চত্বর। বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শান্তিরবাজার শাখার উদ্যোগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত করা হয়।

আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের অভিযোগ, ব্যাক পরীক্ষা দেওয়ার পরেও বহু শিক্ষার্থীর রেজাল্টে পুনরায় বেক দেখানো হচ্ছে। এছাড়াও পরীক্ষায় উপস্থিত থাকা সত্ত্বেও অনেককে মার্কশিটে এবসেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে দাবি তাদের। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বহু শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ হয়নি বলেও অভিযোগ ওঠে।

এদিন আন্দোলনকারীরা সরাসরি কাঠগড়ায় তোলেন শ্যামল দাস -কে। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের চরম অব্যবস্থাপনার কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কারিগরি ত্রুটির জেরে ২য়, ৪র্থ এবং ৬ষ্ঠ সেমিস্টারের বহু ছাত্র-ছাত্রী আগামী পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ।

আন্দোলনরত ABVP নেতৃত্ব জানায়, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে তারা সর্বদা পাশে থাকবে এবং সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। পরে কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের লিখিত আশ্বাসের ভিত্তিতে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা।

You may also like

Leave a Comment