নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৮ মে : ত্রিপুরায় ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ এবং দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করল প্রদেশ কংগ্রেস।
এক প্রেস বিবৃতিতে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, ২০১৪ সালের পর থেকে এবং বিশেষ করে ২০১৮ সালের পর রাজ্যে নারী নির্যাতনের ঘটনা রকেট গতিতে বৃদ্ধি পেয়েছে। তিনি অভিযোগ করেন, শিশুকন্যা থেকে শুরু করে প্রবীণ নারীকেউই নিরাপদ নন।
সরকারের তরফে উন্নয়ন, সুশাসন ও নারী সুরক্ষার দাবিকে তিনি প্রচারণা বলে আখ্যা দেন। তাঁর দাবি, বাস্তবে নারী নিরাপত্তা ভীষণভাবে অবনতি হয়েছে।
প্রবীর চক্রবর্তী বলেন, আগরতলায় সম্প্রতি এক আদিবাসী যুবতীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে, যেখানে অভিযুক্ত হিসেবে এক বিজেপি নেতার নাম উঠে এসেছে। এই ঘটনাকে তিনি চরম লজ্জাজনক বলে উল্লেখ করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়। দেশের বিভিন্ন প্রান্তেও নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। দিল্লি ও গুজরাটের সাম্প্রতিক ঘটনাগুলির উল্লেখ করে তিনি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
কংগ্রেস মুখপাত্রের বক্তব্য, বিজেপি ও আরএসএসের আদর্শের কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে, এটা শুধু রাজনৈতিক অভিযোগ নয়, বরং পরিসংখ্যান দেখলেই তা স্পষ্ট হবে।
প্রবীর চক্রবর্তী বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় এখনই গণআন্দোলন গড়ে তোলা জরুরি। তিনি রাজ্যের নাগরিকদের, বিশেষ করে মা-বোন-কন্যাদের সুরক্ষার স্বার্থে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।