ভাল্লুকের হামলা, গুরুতর আহত স্বামী-স্ত্রী
শান্তিরবাজার প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পাঞ্জীরায় মগ পাড়ায় ভাল্লুকের হামলায় গুরুতর আহত হয়েছেন এক দম্পতি। রবিবার সকালে রাবার বাগান পরিষ্কার করতে গিয়ে আচমকাই ভাল্লুকের আক্রমণের শিকার হন তাঁরা। ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের পাঞ্জীরায় মগ পাড়ার বাসিন্দা অংসাফাই মগ এবং তাঁর সহধর্মিণী অংসানো মগ রবিবার সকালে বাড়ির নিকটবর্তী একটি এলাকায় রাবার বাগান পরিষ্কার করার কাজে যান।
প্রতিদিনের মতোই তাঁরা বাগানে কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি ভাল্লুক তাঁদের উপর আক্রমণ করে বলে জানা যায়। আকস্মিক এই হামলায় নিজেদের সামলে ওঠার সুযোগ পাননি স্বামী-স্ত্রী। ভাল্লুকের কামড়ে দু’জনই গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর তাঁদের চিৎকার ও পরিস্থিতির কথা জানতে পেরে স্থানীয় কয়েকজন বাসিন্দা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এরপর আহত অংসাফাই মগ ও অংসানো মগকে উদ্ধার করে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা আহত দু’জনের চিকিৎসা শুরু করেন। ভাল্লুকের আক্রমণে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কামড়ের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। বর্তমানে স্বামী-স্ত্রী দু’জনই শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, জনবসতি সংলগ্ন এলাকায় ভাল্লুকের এই হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে রাবার বাগান ও জঙ্গল সংলগ্ন এলাকায় কাজ করতে যাওয়া শ্রমিক ও সাধারণ মানুষদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের বক্তব্য, জঙ্গল ও রাবার বাগান সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়। ফলে কাজের প্রয়োজনে ওইসব এলাকায় যাতায়াত করা মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ভাল্লুকটি বর্তমানে কোথায় রয়েছে এবং সেটি ফের লোকালয়ে প্রবেশ করতে পারে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে বন দপ্তরের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি বন্যপ্রাণীর গতিবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করা এবং জঙ্গল ও রাবার বাগান এলাকায় কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়ারও দাবি উঠেছে।
রবিবার সকালের এই ভাল্লুকের হামলার ঘটনায় ফের একবার জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। এখন দেখার বিষয় সংবাদটি পরিবেশিত হওয়ার পর শান্তি বাজার বনদপ্তর কি ভূমিকা পালন করে।