Home » Blog » পানীয় জল সরবরাহে ব্যাপক দুর্নীতির অভিযোগ

পানীয় জল সরবরাহে ব্যাপক দুর্নীতির অভিযোগ

ফিটকিরির মান নিয়ে প্রশ্ন, জলবাহিত রোগ বৃদ্ধির আশঙ্কায় তদন্তের দাবি

by Planet Tripura
0 comments 2 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:
রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থা পনায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ডিডব্লিউএস দপ্তরের দ্বারস্থ হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। শুক্রবার আগরতলাস্থিত কংগ্রেস ভবন থেকে দলের এক প্রতিনিধি দল ডিডব্লিউএস দপ্তরে গিয়ে এই সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন।

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, ‘জল জীবন মিশন’ সহ বিভিন্ন পানীয় জল প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম চলছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং দপ্তরের তদারকির অভাবের কারণে রাজ্যের সিংহভাগ মানুষ আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। স্মারকলিপিতে বিশেষ করে জল পরিশোধনের জন্য ব্যবহৃত ফিটকিরির মান নিয়ে তীব্র প্রশ্ন তোলা হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, নিম্নমানের ফিটকিরি ব্যবহারের ফলে জল দূষণের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে এবং এর পেছনে একটি বড় দুর্নীতিচক্র সক্রিয় রয়েছে।

এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে পাইপলাইনের ত্রুটি এবং অপরিশোধিত জল সরবরাহের ফলে জলবাহিত রোগ বৃদ্ধির বিষয়টিও দপ্তরের নজরে আনা হয়েছে। কংগ্রেসের দাবি, অবিলম্বে ফিটকিরির মান যাচাইয়ে স্বচ্ছ তদন্ত শুরু করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রাজ্যজুড়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে হবে। জনস্বাস্থ্যের স্বার্থে সরকারকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

You may also like

Leave a Comment