রোগী নিয়ে শান্তিরবাজার ট্রমা কেয়ার সেন্টারে এসে হাসপাতাল চত্বর থেকে অটো চুরি যাওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অটোচালক ও স্থানীয়রা।
ঘটনার বিবরণে জানা যায়, নলুয়া জয়পুর বড়জ কলোনি এলাকার বাসিন্দা সম্রাট দাস মঙ্গলবার সকালে একটি রোগীকে তাঁর অটোতে করে শান্তিরবাজার ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসেন। অটোটির নম্বর TR08A3312।
সকাল আনুমানিক ৭টা নাগাদ তিনি ট্রমা কেয়ার সেন্টারের সামনে অটোটি রেখে রোগীকে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা সংক্রান্ত কাজ শেষ করে বিকেল সাড়ে চারটা নাগাদ শান্তিরবাজারে ফিরে এসে তিনি দেখেন, নির্দিষ্ট স্থানে তাঁর অটোটি নেই।
এরপর আশপাশে খোঁজাখুঁজি করেও অটোর কোনো সন্ধান না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।
সম্রাট দাসের দাবি, অটোটি চুরি হয়ে গেছে। বর্তমানে গাড়িটির কিস্তি চলায় অটো হারিয়ে তিনি চরম আর্থিক দুশ্চিন্তার মধ্যে পড়েছেন বলেও জানান।
অটোচালকের অভিযোগ, হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও অটোটি কীভাবে চুরি হয়ে গেল এবং ঘটনার কোনো ফুটেজ কেন পাওয়া গেল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর দাবি, হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোচালকের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। চুরি যাওয়া অটোটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
বিষয়টি শান্তিরবাজার অটো সিন্ডিকেটকেও জানানো হয়েছে। সিন্ডিকেটের সেক্রেটারি অপু মজুমদার জানান, হাসপাতালে অটো চুরির ঘটনা এই প্রথম তাঁদের নজরে এসেছে। বিষয়টি হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
পাশাপাশি হাসপাতাল চত্বরে আরও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হবে বলেও তিনি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন অটোচালক ও স্থানীয়রা।