৮ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নির্দেশে ত্রিপুরায় শুরু হতে চলা এসআইআর (SIR) প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুথ লেভেল অফিসারদের (BLO) প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে দক্ষিণ জেলার তিনটি মহকুমায় BLO-দের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ে দক্ষিণ জেলার জেলাশাসক মহম্মদ সাজাদ পি, আইএএস-এর উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালার সূচনা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন শান্তিরবাজারের মহকুমাশাসক দীপিকা গৌতম, আইএএস, ডিসিএম সৈয়ফ উদ্দিন, ডিসিএম কাকলী সাহাসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
প্রশিক্ষণ কর্মশালায় এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে BLO-দের ভূমিকা, তথ্য সংগ্রহ ও যাচাই এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাজ করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
জানা গেছে, দক্ষিণ জেলার তিনটি মহকুমাতেই পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট BLO-রা নিজ নিজ এলাকায় এসআইআর প্রক্রিয়ার কাজ সম্পন্ন করবেন।
শান্তিরবাজারে আয়োজিত কর্মশালা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন দক্ষিণ জেলার জেলাশাসক মহম্মদ সাজাদ পি। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াটি যাতে সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আধিকারিক ও BLO-দের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।