Home » Blog » অঙ্গনওয়াড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ

অঙ্গনওয়াড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ

যুবরাজনগরের শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, তদন্ত ও কঠোর ব্যবস্থার দাবি

by Mithun Bhowmik
0 comments 3 views
যুবরাজনগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার যুবরাজনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যুবরাজনগর ১ নম্বর ওয়ার্ডের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।

অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতাধীন শিশুদের অভিভাবকদের ডেকে শিশুদের জন্য ওষুধ বিতরণ করা হয়। পরে ওষুধের বোতলের গায়ে থাকা মেয়াদের তারিখ পরীক্ষা করে অভিভাবকরা দেখতে পান, বিতরণ করা ওষুধগুলি মেয়াদোত্তীর্ণ।

ঘটনার সময় মঙ্গলখালি সাব-সেন্টারের এমপিডব্লিউ মনিষ নাথ, স্থানীয় আশা কর্মী কয়রুন নেছা এবং অঙ্গনওয়াড়ি কর্মী মাম্পী দেবনাথ উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানি হতেই অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে এক সচেতন অভিভাবক বার্তা দিয়ে অন্যদের সতর্ক করেন এবং শিশুদের ওই ওষুধ না খাওয়ানোর অনুরোধ জানান।

শিশুদের স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে কীভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দক্ষিণ যুবরাজনগরের বাসিন্দারা।

তবে অভিযোগের সত্যতা এবং কীভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের ঘটনা ঘটল, তা প্রশাসনিক তদন্তের পরই স্পষ্ট হবে।

You may also like

Leave a Comment