শান্তিরবাজার প্রতিনিধি মিঠুন ভৌমিক: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মনুবাজার এলাকায় অনুমতিহীন লাকি ড্র প্রতিযোগিতাকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট লাকি ড্র-এর কোনো বৈধ অনুমতি ছিল না এবং এটিকে জুয়া হিসেবে চিহ্নিত করে আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ অমান্য করে ফাইনাল আয়োজনের অভিযোগ ওঠে।
খবর পেয়ে শান্তিরবাজার মহকুমা প্রশাসনের আধিকারিক ও শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ওই সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
অভিযোগ রয়েছে, ‘Gangs of Fakira’ নামে একটি ফেসবুক পেজ থেকে লাকি ড্র-এর অনুষ্ঠান লাইভ সম্প্রচার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় ফেসবুক পেজটির সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত জানান, লাকি ড্র আয়োজনের জন্য কোনো বৈধ অনুমতি নেওয়া হয়নি। ঘটনায় প্রযোজ্য জুয়া-বিরোধী আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের শনাক্ত করে পর্যায়ক্রমে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।