আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বকাফা ব্লকে ত্রিস্তরীয় জোটকে ভিলেজ স্তরে কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি।
সোমবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের ডাকবাংলোতে তিন দলের নেতৃত্বের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৈঠকে বকাফা ব্লকের ১৪টি ভিলেজে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় জানা যায়, ১৪টি ভিলেজের মধ্যে ৭টিতে বিজেপি এবং ৭টিতে তিপ্রা মথার প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জোটের শরিক আইপিএফটিকে দুটি আসন ছেড়ে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
তিন দলের নেতৃত্বের দাবি, ভিলেজ স্তর পর্যন্ত জোটের সমন্বয় আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামীকাল তিন দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, এমডিসি কেনারাম রিয়াং, বিজেপির মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি রবীন্দ্র রিয়াং, বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক মম্বু মগ, তিপ্রা মথার সিনিয়র নেতা হরেন্দ্র রিয়াং, আইপিএফটির কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা এবং শান্তিরবাজার ডিভিশনাল সভাপতি জ্যোতিলাল রিয়াং।
ভিলেজ নির্বাচনকে ঘিরে বকাফা ব্লকে তিন দলের এই সমন্বয় রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন নজর থাকবে আসন সমঝোতার চূড়ান্ত রূপরেখা এবং মনোনয়ন পর্বে এই জোটের সমীকরণ কতটা বাস্তবায়িত হয় তার দিকে।