দক্ষিণ জেলার দিশা বৈঠক, গাফিলতিতে অসন্তুষ্ট জেলাশাসক

by Planet Tripura
0 comments 11 views

বিলোনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত হল দক্ষিণ জেলার দিশা বৈঠক, প্রশাসনিক গাফিলতিতে অসন্তুষ্ট জেলাশাসক

আজ বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক ও জন প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় দিশার গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মার উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

বৈঠকে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলার শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, জলসম্পদ, প্রাণীসম্পদ, আরক্ষা, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, মৎস্য দপ্তর সহ একাধিক বিভাগের আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন সাউথ ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলার বিধায়কগণ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, এমডিসি, জেলার পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ এবং জেলার সিএমও সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকগণ।

বৈঠকে দক্ষিণ জেলার জেলাশাসক মহঃ সাজিদ পি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, দপ্তরগুলি এই প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারায় কেন্দ্রীয় বরাদ্দকৃত অর্থ ফেরত চলে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি সকল প্রশাসনিক আধিকারিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফিল্ড ভিজিট ও দপ্তরের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং বলেন, গাফিলতি প্রমাণিত হলে কাউকেই রেয়াত করা হবে না।

আজকের এই বৈঠকে প্রকল্প বাস্তবায়নের গতিপ্রকৃতি, জনস্বার্থে নেওয়া সিদ্ধান্ত ও প্রশাসনিক দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

You may also like

Leave a Comment