Home » Blog » তেলিয়ামুড়ায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের তুমুল বিক্ষোভ!

তেলিয়ামুড়ায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের তুমুল বিক্ষোভ!

প্রিপেইড রিচার্জে ইউনিট কমার অভিযোগ

by Planet Tripura
0 comments 21 views

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে গ্রাহকদের বিক্ষোভ, প্রিপেইড রিচার্জে ইউনিট কমার অভিযোগে ক্ষোভ

তেলিয়ামুড়া, ১ জুন: বিদ্যুৎ পরিষেবার মান, প্রিপেইড মিটারের রিচার্জে ইউনিট কমে যাওয়া এবং প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগে সোমবার তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের অফিসে বিক্ষোভে ফেটে পড়েন শতাধিক বিদ্যুৎ গ্রাহক। সকাল থেকেই বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য অফিস চত্বরে দীর্ঘ লাইন দেখা যায়। তবে পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যার কারণে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ।

গ্রাহকদের অভিযোগ, সম্প্রতি প্রিপেইড বিদ্যুৎ মিটারে রিচার্জ করার পর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ইউনিট পাওয়া যাচ্ছে। তাঁদের দাবি, যেখানে আগে ৫০০ টাকার রিচার্জে ৭০ থেকে ৮০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলত, বর্তমানে একই পরিমাণ অর্থ ব্যয় করেও মাত্র ১০ থেকে ১৫ ইউনিট পাওয়া যাচ্ছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির মধ্যে বিদ্যুতের অতিরিক্ত ব্যয় সাধারণ মানুষের উপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টি করছে।

ক্ষুব্ধ গ্রাহকদের বক্তব্য, বিষয়টি নিয়ে বিল কাউন্টারে কর্তব্যরত কর্মীদের কাছে জানতে চাওয়া হলে তাঁরা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। অভিযোগ, সংশ্লিষ্ট কর্মী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিলেও অফিসে উপস্থিত বহু গ্রাহক কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। জানানো হয়, অধিকাংশ আধিকারিক বৈঠকে ব্যস্ত ছিলেন।

এদিকে অফিসে দুটি বিল কাউন্টার থাকলেও মাত্র একটি কাউন্টার চালু থাকায় দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গ্রাহকদের। প্রচণ্ড গরমের মধ্যে নারী, পুরুষ এবং প্রবীণ নাগরিকদের একই লাইনে অপেক্ষা করতে দেখা যায়। মহিলা ও প্রবীণদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

গ্রাহকদের অভিযোগ, শত শত মানুষ যখন একটি মাত্র পাখার নিচে দাঁড়িয়ে পরিষেবা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তখন অফিসের বেশ কয়েকটি কক্ষ ফাঁকা থাকা সত্ত্বেও সেখানে বৈদ্যুতিক সরঞ্জাম ও পাখা চলতে দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।

স্থানীয়দের প্রশ্ন, সাধারণ মানুষের টাকায় পরিচালিত সরকারি পরিষেবা ব্যবস্থায় যদি ন্যূনতম জবাবদিহিতা ও গ্রাহকবান্ধব পরিবেশ না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় অভিযোগ জানাবেন? বিদ্যুৎ ইউনিট কমে যাওয়ার প্রকৃত কারণ, পর্যাপ্ত কাউন্টার চালু না রাখা এবং পরিষেবার মানোন্নয়নে উদাসীনতার অভিযোগে বিদ্যুৎ নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে।

বর্তমানে ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকদের দাবি, প্রিপেইড রিচার্জে ইউনিট কমে যাওয়ার প্রকৃত কারণ জনসমক্ষে প্রকাশ করতে হবে, অতিরিক্ত কাউন্টার চালু করে পরিষেবা স্বাভাবিক করতে হবে এবং গ্রাহকদের সঙ্গে উদাসীন আচরণ বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

 

You may also like

Leave a Comment