রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। কর্মচারী ব্যবস্থাপনাকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে NextGen HRMS-এর চারটি নতুন মডিউলের রাজ্যস্তরীয় উদ্বোধন হলো সোমবার।
সকাল ১১টায় আগরতলার প্রজ্ঞা ভবনের ৩ নম্বর হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন মডিউলগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার সুশাসনের লক্ষ্যে কাজ করছে। সরকারি কর্মচারীরা যাতে ঘরে বসেই ছুটি, বেতন, জিপিএফ, পেনশন এবং সার্ভিস বুক সংক্রান্ত তথ্য সহজে পেতে পারেন, সেই লক্ষ্যেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, নতুন চারটি মডিউলের মধ্যে রয়েছে e-Service Book, e-Leave, e-Salary এবং e-Pension। এর মাধ্যমে সরকারি কর্মচারীরা অনলাইনে বিভিন্ন পরিষেবা গ্রহণ ও তথ্য যাচাই করতে পারবেন।
সরকারের দাবি, নতুন ব্যবস্থার ফলে দপ্তরে দপ্তরে ঘোরার প্রয়োজন কমবে এবং পরিষেবা ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আসবে। পাশাপাশি অবসর গ্রহণের পর পেনশন সংক্রান্ত প্রক্রিয়াও দ্রুত ও সহজ হবে এবং কর্মচারীরা অনলাইনে বিভিন্ন প্রক্রিয়ার অগ্রগতি ট্র্যাক করতে পারবেন।
অনুষ্ঠানে অর্থ দপ্তরের সচিবসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।