Home » Blog » কন্যা সন্তান জন্মে ব্যতিক্রমী উদযাপন

কন্যা সন্তান জন্মে ব্যতিক্রমী উদযাপন

হাসপাতাল থেকে ঢাক-ঢোল বাজিয়ে বাড়ি ফিরলেন বাবা।

by Planet Tripura
0 comments 18 views

কন্যা সন্তান জন্মে ব্যতিক্রমী উদযাপন, হাসপাতাল থেকে ঢাক-ঢোল বাজিয়ে বাড়ি ফিরলেন বাবা।

সমাজে এখনও বহু জায়গায় কন্যা সন্তানকে বোঝা হিসেবে দেখার মানসিকতা রয়ে গেছে। তবে সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহামুনি পাড়া এলাকার যুবক সুশান্ত চৌধুরী , যিনি এলাকায় “ইলেকট্রিক সানু” নামেই অধিক পরিচিত।

সম্প্রতি তার সংসারে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। পরিবারের প্রথম সন্তান কন্যা হওয়ায় আনন্দে আত্মহারা হয়ে পড়েন বাবা সুশান্ত চৌধুরী ও তার পরিবার। আর সেই আনন্দকে স্মরণীয় করে রাখতে হাসপাতাল থেকে নবজাতক কন্যাকে বাড়ি নিয়ে আসেন এক অভিনব আয়োজনে।

গাড়ি সাজিয়ে, ঢাক-ঢোল ও বাজনার তালে তালে আনন্দ মিছিলের মাধ্যমে নিজের কন্যা সন্তানকে ঘরে তোলেন তিনি। পুরো এলাকায় যেন উৎসবের পরিবেশ তৈরি হয়। পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও এই ব্যতিক্রমী মুহূর্ত উপভোগ করেন।

স্থানীয়দের মতে, যেখানে এখনও সমাজের একাংশ কন্যা সন্তান জন্মকে গুরুত্বহীনভাবে দেখে, সেখানে সুশান্ত চৌধুরীর এই উদ্যোগ সমাজের কাছে এক ইতিবাচক বার্তা বহন করছে। অনেকেই বলেন, কন্যা সন্তানও পরিবারের “লক্ষ্মী”, আর তাকে এমন সম্মান ও ভালোবাসার সঙ্গে বরণ করে নেওয়া সত্যিই প্রশংসনীয়।

এলাকার বিশিষ্টজন ও সচেতন মহল সুশান্ত চৌধুরীর এই মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য, প্রত্যেক কন্যা সন্তানের জন্য এমন একজন গর্বিত ও স্নেহশীল বাবাই কাম্য।

এই ঘটনাকে কেন্দ্র করে শান্তির বাজার এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সমাজে নারী সন্তানকে নিয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও অনুপ্রেরণা জোগাবে।

You may also like

Leave a Comment