আগাম অনুমতি নিয়েও কংগ্রেসের জনসভার মঞ্চ সরালো পুলিশ!
ক্ষোভে ফেটে পড়লেন সুদীপ রায় বর্মন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট :
আগাম অনুমতি নিয়েও শেষমুহূর্তে ভেঙে দেওয়া হলো কংগ্রেসের জনসভার মঞ্চ! রাজধানী আগরতলায় কংগ্রেস ও পুলিশের টানাপোড়েন ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
অনুমতি নিয়েও তিনবার বদল সভাস্থল
কংগ্রেসের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পিতভাবে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আগেই অনুমতি থাকা সত্ত্বেও তিনবার পরিবর্তন করা হয় সভাস্থল। শেষমুহূর্তে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় প্রস্তুত মঞ্চ ভেঙে দেয় পুলিশ।
এদিন উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব সপ্তগিরি শংকর উল্কা ও ক্রিস্টোফার তিলক।
ক্ষোভে ফেটে পড়লেন সুদীপ
ঘটনায় ক্ষুব্ধ সুদীপ রায় বর্মন জানান,
“গণতন্ত্রে মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। সরকারের নির্দেশে পুলিশ পরিকল্পিতভাবে বিরোধীদের কর্মসূচি বানচাল করছে।”
কেন্দ্রীয় নেতাদের অভিযোগ
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে সপ্তগিরি শংকর উল্কা অভিযোগ করেন—
“বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে গোটা দেশে ভোট চুরি করছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কংগ্রেস তার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় প্রতিরোধ গড়ে তুলছে।”
বিজেপির পাল্টা কটাক্ষ
অন্যদিকে বিজেপির রাজ্য সহ-সভানেত্রী পাপিয়া দত্ত কটাক্ষ করে বলেন—
“বিরোধী দল ভগবানে বিশ্বাস করে না, তাই পুলিশ যা করেছে সেটাই সঠিক। ভগবান গণপতির পূজার জায়গার পেছনে রাজনৈতিক সভার মঞ্চ তৈরি করা হলো কীভাবে?”
তিনি দাবি করেন, অনুমতি ছাড়াই মঞ্চ তৈরি করা হয়েছিল।
উত্তপ্ত রাজনীতি
সব মিলিয়ে, রাজধানী আগরতলায় পুলিশের সঙ্গে কংগ্রেসের এই দ্বন্দ্বে রাজ্যের রাজনীতি আরও সরগরম হয়ে উঠেছে।
