Home » Blog » রাজধানীর বুকে আইনকে চ্যালেঞ্জ

রাজধানীর বুকে আইনকে চ্যালেঞ্জ

বনেটে হাইজেক ট্রাফিক এএসআই, বেপরোয়া গাড়ির দৌড় !

by Planet Tripura
0 comments 157 views
agartala-traffic-asi-biplab-dutta-bonnet-incident-battala-hit-and-run-july-2026

ত্রিপুরা প্রতিনিধি, আগরতলা ৮ জুলাই : রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র বটতলায় বৃহস্পতিবার যে দৃশ্যের সাক্ষী থাকল শহরবাসী, তা যেন কোনো অ্যাকশন সিনেমার দৃশ্যকেও হার মানায়। তবে এটি ছিল না সিনেমা, এটি ছিল রাজধানীর রাজপথে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ আধিকারিকের জীবন নিয়ে প্রকাশ্য ছিনিমিনি খেলার অভিযোগ। অভিযোগ অনুযায়ী, এক পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করা একটি গাড়িকে আটকায় ট্রাফিক পুলিশ। সেই সময় ট্রাফিক বিভাগের এএসআই বিপ্লব দত্ত গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিলেন।

অভিযোগ, আচমকাই চালক গাড়ি স্টার্ট করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে প্রাণ বাঁচাতে এএসআই গাড়ির বনেটে উঠে পড়েন। কিন্তু সেখানেই থামেনি অভিযুক্ত। বনেটের ওপর একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে নিয়েই ব্যস্ত শহরের রাস্তা ধরে বেপরোয়া গতিতে ছুটে যায় গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, উপস্থিত ট্রাফিক কর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা গাড়িটি থামানোর চেষ্টা করলেও চালক কারও কথা শোনেনি। পরে প্রতাপগড় স্টিল ব্রিজের সামনে এএসআই বিপ্লব দত্তকে ফেলে দিয়ে পালিয়ে যায়। আহত পুলিশ আধিকারিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।ট্রাফিক বিভাগের ডিএসপি দুলাল দত্ত জানিয়েছেন, পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগে গাড়িটি আটকানোর চেষ্টা করা হয়েছিল। সেই সময় কর্তব্যরত এএসআইকে বনেটে তুলে নিয়ে পালিয়ে যায় চালক। গাড়ির নম্বর শনাক্ত হয়েছে।

পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। কিন্তু এই ঘটনাকে ঘিরে উঠছে একাধিক গুরুতর প্রশ্ন। রাজধানীর সবচেয়ে ব্যস্ত এলাকাগুলির একটি বটতলায় দিনের আলোয় একজন কর্তব্যরত ট্রাফিক অফিসারকে বনেটে তুলে নিয়ে যাওয়ার মতো দুঃসাহস যদি কোনো চালক দেখাতে পারে, তাহলে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে ? যে ব্যক্তি পুলিশের উপস্থিতিকেই কার্যত উপেক্ষা করে একজন সরকারি কর্মীকে জীবনের ঝুঁকিতে ফেলে পালাতে পারে, তার সাহসের উৎস কোথায় ? আরও বড় প্রশ্ন, ওই সময় যদি এএসআই বিপ্লব দত্ত বনেট থেকে পড়ে যেতেন বা অন্য কোনো গাড়ির নিচে চলে যেতেন, তাহলে কি তা সরাসরি একটি মৃত্যুর ঘটনায় পরিণত হতো না ? কর্তব্য পালন করতে গিয়ে একজন পুলিশ অফিসারের প্রাণ পর্যন্ত চলে যেতে পারত।

এই ঘটনার গুরুত্ব কি শুধুই একটি সাধারণ ট্রাফিক মামলা হিসেবে দেখা হবে ? ঘটনার পরেও অভিযুক্ত চালক অধরা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজধানীজুড়ে বসানো সিসিটিভি ক্যামেরাগুলি কতটা কার্যকর ? শহরের বিভিন্ন নাকা পয়েন্ট, পুলিশি নজরদারি, তাৎক্ষণিক চেকিং ব্যবস্থা, সবকিছু থাকা সত্ত্বেও কীভাবে একজন অভিযুক্ত এত সহজে পালিয়ে যেতে সক্ষম হলো? প্রযুক্তি ও নজরদারির এত দাবির পরও যদি এমন ঘটনা ঘটে, তবে সেই ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠবে। এই ঘটনা কেবল একজন ট্রাফিক অফিসারের ওপর হামলার অভিযোগ নয়, এটি রাজ্যের আইন প্রয়োগকারী ব্যবস্থার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ বলেই মনে করছেন অনেকেই।

যে শহরে একজন ইউনিফর্মধারী পুলিশ সদস্যই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ, এই প্রশ্ন আজ আরও জোরালো হয়ে উঠেছে। রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের কাছেও এই ঘটনা বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। আইন-শৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশের সক্ষমতা নিয়ে যে বার্তা বারবার দেওয়া হয়, এই ঘটনার পর সেই দাবির বাস্তব চিত্র নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) ও সংশ্লিষ্ট প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শুধু অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করাই নয়, বরং রাজ্যের মানুষকে বিশ্বাস করানো যে আইনের শাসন এখনও কার্যকর এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। কারণ, প্রকাশ্য দিবালোকে যদি একজন ট্রাফিক অফিসারকেই বনেটে তুলে নিয়ে পালানোর মতো ঘটনা ঘটে, তবে তা নিছক একটি অপরাধ নয়, এটি গোটা আইন-শৃঙ্খলা ব্যবস্থার সামনে ছুড়ে দেওয়া এক প্রকাশ্য চ্যালেঞ্জ।

You may also like

Leave a Comment