ত্রিপুরায় সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি যুবসমাজকে একত্রিত করে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার উদ্যোগ নিলো CJP। বুধবার ত্রিপুরা ইউনিটের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন CJP-র নেতা শাহিদ এবং মণিপুর থেকে আসা সংগঠনের নেতা নূর শাহ। পাশাপাশি ত্রিপুরায় সংগঠনের নেতৃত্বে থাকা শুভম, প্রণব ও অপ্রজিত-সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।সাংবাদিক সম্মেলনে শাহিদ জানান, ত্রিপুরার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও সংগঠনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক আলোচনা চলছে। এরই অংশ হিসেবে ত্রিপুরায় এসে স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। কীভাবে সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করা যায়, কীভাবে আঞ্চলিক সমস্যা এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।তিনি বলেন, ত্রিপুরায় বেকারত্ব, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যুৎ সমস্যার মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এই সমস্যাগুলি নিয়ে যুবসমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী মঞ্চ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক চাপ সৃষ্টিকারী মঞ্চ হিসেবে কাজ করবে বলেও স্পষ্ট করেন তিনি। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই বলে দাবি করে শাহিদ বলেন, সরকারে যে দলই থাকুক, তাকে সংবিধান মেনে চলতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে।তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে ত্রিপুরা ইউনিটের সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে।অন্যদিকে, ত্রিপুরার যুব প্রতিনিধি শুভম জানান, রাজ্যের যুবসমাজ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই সমস্যাগুলি তুলে ধরতে এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে যুবকদের একত্রিত করাই তাঁদের উদ্দেশ্য।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংগঠনের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া ও গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত বিষয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন। তাঁদের অভিযোগ, ২০১৪ সাল থেকে ঘোড়া কেনাবেচা এবং বিধায়কদের দলবদলের মাধ্যমে সরকার পরিবর্তনের ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করেছে। পাশাপাশি ভোটাধিকার ও নির্বাচন প্রক্রিয়ার সংস্কারের দাবি জানান তাঁরা। তাঁদের বক্তব্য, সংবিধান মেনেই নির্বাচন হতে হবে এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে হবে। যুবসমাজকে সংগঠিত করে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে সরব হওয়ার বার্তা দিয়েই এদিনের সাংবাদিক সম্মেলন শেষ হয়।
ত্রিপুরায় সংগঠন গড়ার উদ্যোগ CJP-র
যুবসমাজকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের বার্তা
26