তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে ঘটে এই দুর্ঘটনা। মৃত যুবকের নাম প্রণয় দে ওরফে জুন। তিনি জয়নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে একটি গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাইক আরোহী প্রণয় দে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।