উদয়পুর রেলস্টেশন চত্বর থেকে উদ্ধার করা হয়েছে ১৫ বছরের এক কিশোরকে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় দু’দিন আগে বাড়ির কাউকে না জানিয়ে সে বেরিয়ে পড়েছিল।
বৃহস্পতিবার রেলস্টেশন চত্বরে কিশোরটিকে দেখতে পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদ করা হলেও কিশোরটি নিজের পরিচয়, বাড়ির ঠিকানা বা পরিবারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অনীহা প্রকাশ করে। তার কথাবার্তা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বাড়ি তেলিয়ামুড়া এলাকায় হতে পারে। তবে এখনও পর্যন্ত তার পরিচয় ও পরিবারের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কিশোরটির প্রকৃত পরিচয় ও পরিবারের সন্ধান পেতে চাইল্ড লাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। একইসঙ্গে পরিবারের সদস্যদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করে কিশোরটিকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।