মেলাঘর, ১৭ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এলআইসি-র স্কিমে অর্থ বিনিয়োগ করিয়ে পরবর্তীতে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেলাঘরে। ঘটনায় মেলাঘরের ইন্দিরানগরের বাসিন্দা আয়েশা বিবি মেলাঘর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, মেয়ের ভবিষ্যৎ ও বিয়ের জন্য দীর্ঘদিন ধরে সঞ্চয় করছিলেন আয়েশা বিবি। লেখাপড়া না জানার সুযোগ নিয়ে মেলাঘর ঠাকুরপাড়ার বাসিন্দা ও এজেন্ট অমর শীল তাঁকে পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পের কথা বলে এলআইসি-র একটি স্কিমে টাকা জমাতে বলেন বলে অভিযোগ।
আয়েশা বিবির আরও অভিযোগ, প্রথম কয়েক বছর টাকা জমা দেওয়ার পর পরবর্তী সময়ে প্রতি মাসে তাঁর কাছ থেকে কিস্তির টাকা নেওয়া হলেও সেই অর্থ সংশ্লিষ্ট সংস্থায় জমা করা হয়নি। বরং টাকা অভিযুক্তের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর টাকা ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ আয়েশা বিবির। ঘটনার পর গত ১৫ সেপ্টেম্বর তিনি মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। অভিযুক্ত অমর শীলের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।