আসন্ন ভিলেজ কমিটি (VC) নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাক পি এবং জেলার পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা সি-র উপস্থিতিতে এই বৈঠক হয়। স্টেট ইলেকশন কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে VC নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনী কাজে যুক্ত আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণ, নির্বাচনী প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা এবং ভোটগ্রহণের সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া ভোটের আগে ও ভোটগ্রহণের দিন প্রশাসন এবং পুলিশের ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পায়। বৈঠক শেষে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পরিকল্পনা তুলে ধরেন জেলা শাসক ও পুলিশ সুপার।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন VC নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।