বৃষ্টির জেরে জল জমে বেহাল হয়ে পড়েছে চম্পকনগর এলাকার রাস্তা। এর ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে কয়েকশো যানবাহন আটকে পড়ে। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, অফিসযাত্রী এবং পণ্যবাহী লরির চালকরা।
জানা গেছে, আসাম-আগরতলা জাতীয় সড়ককে ফোর লেনে উন্নীত করার কাজ দীর্ঘদিন ধরে চলছে। স্থানীয়দের অভিযোগ, কখনও কাজ চললেও আবার বিভিন্ন সময়ে কাজ বন্ধ হয়ে পড়ে থাকে। ফলে রাস্তার কাজ যেমন দীর্ঘায়িত হচ্ছে, তেমনই প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা।
বৃষ্টির কারণে রাস্তার বিভিন্ন অংশে জল জমে যাওয়ায় বৃহস্পতিবার চম্পকনগর এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। রাস্তার দুই পাশে বহু পণ্যবাহী লরি সহ ছোট-বড় বিভিন্ন যানবাহন আটকে পড়ে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকেন সাধারণ যাত্রী ও অফিসযাত্রীরাও।
স্থানীয় বাসিন্দা এবং যানবাহন চালকদের অভিযোগ, ফোর লেনের কাজ চলাকালীন যান চলাচলের জন্য পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি জটিল হয়ে পড়ছে।
যাত্রী ও চালকদের পক্ষ থেকে সরকারের কাছে দ্রুত রাস্তার নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি বর্তমানে যান চলাচলের উপযোগী রাস্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।