হেজামারা: হেজামারা আরডি ব্লকের সামনে আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মাকে মারধরের অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানায় আইপিএফটি। দলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের নেতা-কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আইপিএফটির সাধারণ সম্পাদক পরিমল দেববর্মা ঘটনার নিন্দা জানিয়ে রাজনৈতিক কর্মী-সমর্থকদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
দলের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নির্বাচন দপ্তর ও পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আইপিএফটি।
পাশাপাশি বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির রাজনৈতিক সমীকরণের মধ্যেও এমন হামলার অভিযোগ ওঠায় জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। তবে তিপ্রা মথার পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।