ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এক প্রার্থী হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তিপ্রা মথা পার্টির ছৈলেংটা ভিলেজ কাউন্সিলের ৪ নম্বর আসনের প্রার্থী শ্রীমতি পূর্ণিমা দাস গত ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে মনুঘাট আরডি ব্লকে যান।
অভিযোগ, সেই সময় ডিউটিতে থাকা আর.ও. অফিসার রাজেশ দেব মনোনয়নপত্র থেকে তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং পরে তাঁকে এসএমএস পাঠান। রাজেশ দেব মনুঘাট স্কুলের জিটি শিক্ষক হিসেবেও কর্মরত বলে জানা গেছে।
বিষয়টি পূর্ণিমা দাস তাঁর স্বামী রাজীব সরকারকে জানালে প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। অভিযোগটি ধলাই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়। পাশাপাশি ছৈলেংটা সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং মনু ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ সামনে আসার পর সংশ্লিষ্ট আর.ও. অফিসারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে। বর্তমানে প্রশাসনিক তদন্ত ও আইনগত প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।