আগরতলা: কল্যাণী, আশ্রম চৌমুহনি, এম বি ইউনিভার্সিটি ও শিবনগর এলাকায় একের পর এক এটিএমের কপার তার চুরির অভিযোগের তদন্তে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। চুরি যাওয়া সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে এটিএমের কপার তার চুরির ঘটনা ঘটছিল। এ নিয়ে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পূর্ব থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, একাধিক চুরির ঘটনার সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতেও তদন্ত চালানো হচ্ছে।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনাগুলির বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ। একই সঙ্গে চুরি চক্রের সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।