Home » Blog » ৭২ ঘণ্টার অবরোধ, ফের আসাম-আগরতলা জাতীয় সড়ক

৭২ ঘণ্টার অবরোধ, ফের আসাম-আগরতলা জাতীয় সড়ক

বড়মুড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, একাধিক রুটে যান ও রেল চলাচল ব্যাহত

by Mithun Bhowmik
0 comments 4 views
72-Hour-Road-Blockade

আগরতলা, শুক্রবার: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী সংগঠন NLFT(ORI), NLFT(PD), ATTF, NLFT(NB), JARC, JAC এবং ATTF(OLD)—এই সাত সংগঠনের যৌথ উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ৭২ ঘণ্টার আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ।

ভোরে বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় আন্দোলনকারীরা জাতীয় সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং বিভিন্ন প্রান্তে বহু যানবাহন আটকে পড়ে। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

অবরোধকে কেন্দ্র করে বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ ও প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক। প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছেন।

এদিকে, বড়মুড়া ছাড়াও রেলপথে বিঘুদাস এবং সড়কপথে খোয়াই চৌমুহনী এলাকাতেও অবরোধ কর্মসূচি চলছে বলে জানা গেছে। ফলে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ যোগাযোগপথে যান চলাচল ও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ৭২ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment