Home » Blog » আমলীঘাট–মনুঘাট সড়ক সংস্কারের দাবিতে যুব কংগ্রেস

আমলীঘাট–মনুঘাট সড়ক সংস্কারের দাবিতে যুব কংগ্রেস

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

by Planet Tripura
0 comments 2 views
amlig​​hat-manughat-road-repair-youth-congress

নিজস্ব প্রতিনিধি , আগরতলা  ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা আমলীঘাট–মনুঘাট সড়কের দ্রুত সংস্কার এবং স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের পক্ষ থেকে সোমবার দক্ষিণ ত্রিপুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর মোহাম্মদ হাবিজ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ এই সড়কটির দুরবস্থার কারণে এলাকার অন্তত ১১টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ যুব কংগ্রেসের।ডেপুটেশনকারীদের বক্তব্য, আমলীঘাট থেকে মনুঘাট পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশে চলাচল কঠিন হয়ে পড়েছে। এর ফলে প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তার পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে বলে অভিযোগ। দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, শুধুমাত্র সাময়িকভাবে রাস্তার গর্ত মেরামত করে সমস্যার সমাধান হবে না।দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার করে স্থায়ীভাবে যাতায়াতের উপযোগী করে তুলতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে রাস্তার একই ধরনের বেহাল দশা তৈরি না হয়, সেদিকেও প্রশাসনকে নজর দেওয়ার দাবি জানানো হয়। এদিনের ডেপুটেশনে সাব্রুম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের পর্যবেক্ষক সুশীল দে এবং এলাকার বাসিন্দা তথা ব্লক যুব কংগ্রেসের সহ-সভাপতি সজীব আচার্যী সড়কের বর্তমান পরিস্থিতি এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরেন। তাঁদের বক্তব্যে উঠে আসে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের অভাবে এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত সমস্যার মুখে পড়েছে। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা যুব কংগ্রেসের সভাপতি অজিতাভ মজুমদার, ওবিসি কংগ্রেস কমিটির জেলা সভাপতি সুচিত্রা দেবনাথ, এনএসইউআই-এর জেলা পর্যবেক্ষক অনুপম দাস-সহ যুব কংগ্রেস ও কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।ডেপুটেশনকারীরা প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁদের বক্তব্য, আমলীঘাট–মনুঘাট সড়কটি শুধু একটি রাস্তা নয়, এর উপর নির্ভরশীল বিস্তীর্ণ এলাকার মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তাই বিষয়টি দ্রুত গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন।প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও ইঙ্গিত দিয়েছে যুব কংগ্রেস। ফলে দীর্ঘদিনের এই সড়ক সমস্যার সমাধানে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।

You may also like

Leave a Comment