Home » Blog » কংগ্রেসের সেপ্টেম্বরের মধ্যেই বুথস্তর পর্যন্ত পুনর্গঠনের লক্ষ্য

কংগ্রেসের সেপ্টেম্বরের মধ্যেই বুথস্তর পর্যন্ত পুনর্গঠনের লক্ষ্য

দিল্লিতে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক, সেপ্টেম্বরের মধ্যেই বুথস্তর পর্যন্ত পুনর্গঠনের লক্ষ্য

by Planet Tripura
0 comments 2 views
আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি : আগামী রাজনৈতিক লড়াইকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্যে দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেস বিধায়ক দল (সিএলপি)-র নেতা বীরজিৎ সিনহা অংশ নেন। বৈঠক শেষে টেলিফোনে, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, এটি সম্পূর্ণরূপে সাংগঠনিক বৈঠক ছিল। বৈঠকে প্রদেশ কংগ্রেস (পিসিসি) থেকে বুথ স্তর পর্যন্ত সংগঠনের পুনর্গঠন, সাংগঠনিক কাঠামোকে আরও সক্রিয় করা, বিভিন্ন স্তরে ইনচার্জ নিয়োগ এবং কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই বুথ ও মণ্ডল স্তর পর্যন্ত সাংগঠনিক পুনর্গঠনের কাজ সম্পূর্ণ করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচিকে ‘টাইম-বাউন্ড প্রোগ্রাম’ হিসেবে গ্রহণ করেছে কংগ্রেস নেতৃত্ব। বুথভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি শেষ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আশিস সাহার কথায়, বৈঠকে সাংগঠনিক বিষয়গুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা (থ্রেডবেয়ার ডিসকাশন) হয়েছে। আগামী দিনে মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশিক্ষণ, দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি আরও জানান, সেপ্টেম্বরের মধ্যে সাংগঠনিক পুনর্গঠনের কাজ সম্পন্ন হওয়ার পর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র ত্রিপুরা সফরের সম্ভাবনা রয়েছে।

সেই সফরকে সামনে রেখেই সংগঠনকে সম্পূর্ণ প্রস্তুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। দিল্লির বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল, ত্রিপুরার প্রভারি সপ্তগিরি উলাকা, সহ-প্রভারি ক্রিস্টোফার তিলক-সহ দলের একাধিক শীর্ষ সাংগঠনিক নেতা। ত্রিপুরার পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সিএলপি নেতা বীরজিৎ সিনহা। রাজনৈতিক মহলের মতে, ত্রিপুরায় সংগঠনকে নতুনভাবে চাঙ্গা করতে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিতেই কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্ব এই সাংগঠনিক রূপরেখা তৈরি করেছে। বুথভিত্তিক শক্তিশালী সংগঠন গড়ে তোলার মাধ্যমে রাজ্যে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার দিকেই এখন নজর কংগ্রেসের।

You may also like

Leave a Comment