আমবাসা প্রতিনিধি ০১.০৮.২০২৬ ইং :- ধলাই জেলার আমবাসা থানার পুলিশের বিশেষ নাকা চেকিং অভিযানে বিপুল পরিমাণ এসকফ সিরাপ উদ্ধার করা হয়। আসাম-আগরতলা জাতীয় সড়কের বেত বাগান নাকা চেকপোস্টে সন্দেহভাজন টাটা কার্ভ গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪৯ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত নাকা তল্লাশির সময় সন্দেহজনকভাবে চলাচল করা একটি টাটা কার্ভ গাড়িকে থামানো হয়। গাড়িটির গায়ে AS 01 GK 2248 নম্বর প্লেট লাগানো ছিল। তবে তল্লাশি চালানোর সময় গাড়ির ভেতর থেকে BR 01 JN 0838 নম্বরের আরও একটি নম্বর প্লেট উদ্ধার হয়। ফলে গাড়িটির প্রকৃত পরিচয় এবং নম্বর পরিবর্তনের সম্ভাবনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পাচারের উদ্দেশ্যে গাড়ির পরিচয় গোপন রাখতে একাধিক নম্বর প্লেট ব্যবহার করা হয়ে থাকতে পারে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
তল্লাশিতে গাড়ি থেকে মোট ৩৪৯ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। যদিও উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চালানের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর পাচারচক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে আমবাসা থানার পুলিশ। পুলিশের দাবি, সীমান্ত ও জাতীয় সড়ক এলাকায় মাদক ও নিষিদ্ধ কফ সিরাপ পাচার রোধে নিয়মিত নাকা চেকিং ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।