Home » Blog » শান্তিরবাজারে বেহাল সড়ক, সংস্কারের দাবিতে ক্ষোভ

শান্তিরবাজারে বেহাল সড়ক, সংস্কারের দাবিতে ক্ষোভ

উন্নয়নের নামে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ; শান্তিরবাজারে রাস্তার ভগ্নদশা ঘোচাতে এমডিসি কেনারাম রিয়াং-এর দ্বারস্থ এলাকাবাসী

by Planet Tripura
0 comments 11 views
shantirbazar-modhye-tila-bad-road-condition-protest

ভগ্নদশার রাস্তায় নিত্য দুর্ভোগ, উন্নয়নের দাবিতে ক্ষুব্ধ মধ্যের টিলা এলাকার বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৯ জুলাই : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যের টিলা এলাকার প্রধান যোগাযোগ সড়ক। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জরুরি প্রয়োজনে হাসপাতাল, স্কুল, বাজার কিংবা রেলস্টেশনে যাতায়াত করাও হয়ে উঠেছে অত্যন্ত কষ্টসাধ্য। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে রাস্তাটির স্থায়ী সংস্কার হয়নি। বর্তমান রাজ্য সরকারের আমলে উন্নয়নের নামে কয়েক দফা আংশিক কাজ করা হলেও তা ছিল নিম্নমানের এবং অল্প সময়ের মধ্যেই রাস্তা আগের অবস্থায় ফিরে যায়।এলাকাবাসীর দাবি, রাস্তা নির্মাণের নামে বিপুল সরকারি অর্থ ব্যয় দেখানো হলেও বাস্তবে তার কোনো সুফল মেলেনি। স্থানীয়দের আরও অভিযোগ, এই প্রকল্পের সঙ্গে যুক্ত ঠিকাদার, বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) এবং কাজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীরা জানান, মধ্যের টিলা এলাকার এই সড়ক দিয়েই প্রতিদিন শান্তির বাজার রেলস্টেশন, শান্তিরবাজার জেলা হাসপাতাল, কাঞ্চননগরসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয়। বিকল্প কোনো রাস্তা না থাকায় ছাত্রছাত্রী, রোগী, কর্মজীবী মানুষ ও সাধারণ বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় তারা বর্তমান সরকারের প্রতি আস্থা হারিয়েছেন। দ্রুত রাস্তাটির স্থায়ী নির্মাণের দাবিতে তাঁরা স্থানীয় তিপ্রা মথা দলের এমডিসি কেনারাম রিয়াং-এর হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর আশা, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী সংস্কার করবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে।

You may also like

Leave a Comment