নিজস্ব প্রতিনিধি, মোহনপুর: বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজার কেবল বামুটিয়া ব্লকের সবচেয়ে বড় সরকারি বাজারই নয়, বরং গোটা মোহনপুর মহকুমা তথা রাজ্যের মধ্যে সবজি ব্যবসার জন্য অন্যতম এক বিখ্যাত বিক্রয় কেন্দ্র। প্রতিদিন এই বাজারে হাজার হাজার ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এত বড় একটি গুরুত্বপূর্ণ বাজার হওয়া সত্ত্বেও ক্রেতা-বিক্রেতাদের স্বার্থে মহকুমা, ব্লক কিংবা স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কোনো হেলদোল নেই। প্রশাসনের চরম উদাসীনতায় বাজারটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ ।
বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে কোটি টাকা ব্যয়ে সুলভ শৌচালয় তৈরি করা হয়েছিল। কিন্তু অভিযোগ, গত ২ বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সেটি এখন জঙ্গলে পরিণত হয়েছে। দেখ ভালের বালাই না থাকায় শৌচালয়টি থেকে চব্বিশ ঘণ্টা তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যার ফলে সাধারণ মানুষের এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। দূর-দূরান্ত থেকে আসা মানুষ, বিশেষ করে নারী ক্রেতা-বিক্রেতারা এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ ছাড়াও ত্রিপুরার বিভিন্ন জায়গায় সরকারের সচ্ছ ভারত অভিযানের আওতায় বহু সুলভ সোচালায় নির্মাণ করা হয়েছে, ঠিকেদার বাবুরা ঠিকই তাদের বিল পেয়ে গেছে কিন্তু এই সোচালয় গুলো আর চালু হলো না। নেই রক্ষনা বেক্ষনের লোক। এই গুলো সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই না।